ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভাড়াটে যোদ্ধা’ নিহত, গুলিবিদ্ধ ৬

- সর্বশেষ আপডেট ০৩:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 156
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভাড়াটে যোদ্ধা জুয়েল মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর সফু সরকারের পক্ষের লোকজন এলাকা ছেড়ে যায়।
এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, সংঘর্ষে শান্তিপুর গ্রামের ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



































