বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে বিশাল দুশ্চিন্তা

- সর্বশেষ আপডেট ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 173
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের উদ্বেগে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছে দলের তরুণ রাইট-ব্যাক ওয়েসলি ফ্রান্সাকে।
ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র ১৬ মিনিট খেলার পর বাঁ পায়ের কুঁচকিতে চোট পান ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। এরপর তাকে বদলি করে মাঠে নামানো হয় দানিলোকে। ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেলেও ওয়েসলির চোট নিয়ে শঙ্কা কাটছে না।
মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে আবেগাপ্লুত হয়ে পড়েন ওয়েসলি। তার প্রতিক্রিয়া দেখে অনেকেই ধারণা করছেন, চোটটি সাধারণ কোনো আঘাত নয়। বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছিল তাকে।
এখন তার শারীরিক অবস্থার প্রকৃত চিত্র জানতে মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে ব্রাজিল শিবির। স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে বিশ্বকাপে তার অংশগ্রহণ।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির জন্য বিষয়টি বাড়তি চিন্তার কারণ। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোটাক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা সম্ভব।
আগামী ১৩ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এর আগে যদি ওয়েসলি ছিটকে যান, তাহলে বিকল্প হিসেবে প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে নতুন রাইট-ব্যাক বেছে নিতে হবে কোচিং স্টাফকে। সম্ভাব্য বিকল্পদের মধ্যে রয়েছেন পাওলো হেনরিকে এবং ভিতিনহো।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার আগে ওয়েসলির চোট কতটা গুরুতর, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় উদ্বেগ।





































