বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র পঞ্চগড়
- সর্বশেষ আপডেট ০১:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 42
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শো ডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনী একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়তের নেতাকর্মীরা। এতে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়। এদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ১১ দলীয় জোট তথা জামায়তের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়রী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা ১৪ দলীয় নেতাকর্মীদের গতিরোধ করে তাদের ওপর হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম।
এসময় তিনি ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযোগ করে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।
আটোয়ারীর থানার অফিসার ইনচার্জ জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের কর্মীরা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





































