ফ্যামিলি কার্ডে নগদ সহায়তা, অগ্রাধিকার হতদরিদ্র ও নারী

- সর্বশেষ আপডেট ০৯:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 242
পাঁচ কোটি পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, নির্বাচনের আগে ঘোষিত ৯ দফা অগ্রাধিকারভিত্তিক ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।
প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন এবং ধাপে ধাপে সহায়তার পরিমাণ বাড়ানো হবে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, প্রাথমিক পর্যায়ে নগদ অর্থ সরাসরি দেওয়া হবে। কার্ড বিতরণে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে হতদরিদ্র পরিবার এবং পরিবারের নারী সদস্যরা।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি বিস্তৃত করা হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবার, পরে অন্যান্য দরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে এবং অর্থমন্ত্রীকে এর সভাপতি করা হয়েছে। কমিটি সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি নির্ধারণ, বাস্তবায়ন কাঠামো প্রণয়ন, আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় প্রাথমিক কার্যক্রম চালু এবং জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্যভাণ্ডার সমন্বিত করে ডিজিটাল ব্যবস্থাপনা কাঠামো তৈরির সুপারিশ করবে।
আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ করা হবে না এবং কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না।
কার্ড সরাসরি পরিবারের নারী সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে চলমান ভাতা কর্মসূচিগুলোও অব্যাহত থাকবে। সরকারের দাবি, ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ সামাজিক সুরক্ষার পরিধি বাড়িয়ে নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য একটি স্থায়ী সহায়তা কাঠামো গড়ে তুলবে।
































