ফেসবুক-সংবাদপত্রের স্বাধীনতার সুযোগে মিথ্যাচার: মঈন খান

- সর্বশেষ আপডেট ০৮:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 363
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার ও মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যাতে মিথ্যা তথ্য প্রচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে বিএনপি সরকারে এসেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, অল্প কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া উচিত নয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে। কেউ আইনের অপব্যবহার করলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ, নরসিংদী আন্তজেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।


































