ফের হিন্দি সিনেমায় বাঙালি অভিনেত্রীর প্রত্যাবর্তন
- সর্বশেষ আপডেট ০২:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 244
গেল বছর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুবাদে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে আবারও সুখবর দিলেন এই অভিনেত্রী—ফের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আগের ছবির মতো এবারও প্রান্তিকাকে দেখা যাবে হরর-কমেডি ঘরানার সিনেমায়। তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত এই ছবির নাম ‘জোর’। ‘ভুল ভুলাইয়া ৩’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, ‘জোর’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রান্তিকা দাসকে।
ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জয় সেনগুপ্ত।

বছরের শুরুতেই বলিউডে নতুন কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রান্তিকা দাস। তিনি বলেন, ‘এই ছবিটি আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। তার জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করতে সে যেকোনো কিছু করতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘নিজের সৌন্দর্যকেও সে লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিংয়ের সময় সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটি ভালো লাগবে।’
কে এস এস প্রোডাকশনের ব্যানারে নির্মিত এবং গৌরব দত্ত পরিচালিত ‘জোর’ মুক্তি পাবে আগামী ১৬ জানুয়ারি।
উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভর্গ’ ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি উড়িয়া ছবিতেও কাজ করার কথা রয়েছে এই বাঙালি অভিনেত্রীর।



































