ফের চার দিনের রিমান্ডে গাজী নজরুল
- সর্বশেষ আপডেট ০৫:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 14
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলকে ফের চার দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এড়িয়ে যাওয়ার অভিযোগে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে নজরুল ইসলামের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এর আগে চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, নিহত মরিয়মের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করা হয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলেও তদন্ত কর্মকর্তার ধারণার কথা আবেদনে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনে নজরুল ইসলামকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে দাবি করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ।































