এমপি গাজী নজরুলকে রিমান্ডে চাইবে পুলিশ

- সর্বশেষ আপডেট ০১:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 93
দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সাতক্ষীরা-সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এমপি নজরুলের রিমান্ড চাওয়া হবে। তবে কত দিনের রিমান্ডের আবেদন করা হবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
এদিকে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তারের পর বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার নিয়ম রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলেও জানান উপকমিশনার।
মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলায় এমপি জিএম নজরুল ইসলাম ছাড়াও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। রোববার রাতে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সেই নির্যাতনের ধারাবাহিকতায় মরিয়মের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

































