মেসিদের বাড়তি সুবিধা দিয়েছেন রেফারি
ফিফার কাছে আলজেরিয়ার আনুষ্ঠানিক নালিশ
- সর্বশেষ আপডেট ০৫:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 7
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। তাদের দাবি, মাঠের রেফারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেসিদের বাড়তি সুবিধা দিয়েছেন। আলজেরিয়া ফুটবল কর্তৃপক্ষ ৩-০ গোলের ব্যবধানে পরাজয়ের পর ম্যাচের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এই প্রশ্ন তুলেছে।
ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো সেই অভিযোগপত্রে প্রথমার্ধের একটি নির্দিষ্ট ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আলজেরিয়ার দাবি অনুযায়ী, আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের অধিনায়ক আইসা মান্দির পায়ের পেছনের অংশে বুটের স্টাডস তুলে সরাসরি আঘাত করেছিলেন, যা স্পষ্টতই একটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল। মাঠের ওই ঘটনার পর আলজেরিয়ান খেলোয়াড় ও সমর্থকরা মেসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানালেও রেফারি সেবার কোনো কার্ড দেখাননি। পরবর্তীতে এই ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়ে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন মেসি নিজেই।
আলজেরিয়ার দেওয়া অভিযোগে আরও বলা হয়েছে যে, ম্যাচের দ্বিতীয়রর্ধে মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে ইব্রাহিম মাজাকে আঘাত করেছিলেন এবং সেটিও রেফারির নজর এড়িয়ে যায়।
উল্লেখ্য যে, এই হাইভোল্টেজ ম্যাচটির দায়িত্বে ছিলেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারচিনিয়াক, যিনি এর আগে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও পরিচালনা করেছিলেন। আলজেরিয়ার দাবি হলো, ম্যাক অ্যালিস্টার ও মাজাকে ঘিরে ঘটা ঘটনার সময় রেফারি খুব কাছেই অবস্থান করছিলেন, তবুও তিনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
এই ঘটনাকে কেন্দ্র করে শুধু মাঠের ভেতরেই নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থকই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে, লিওনেল মেসির মতো তারকা মর্যাদা কি রেফারির সিদ্ধান্ত গ্রহণণে কোনো প্রভাব ফেলেছিল।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। নিজের দলের মিডফিল্ডার থেম্বা জোয়ানে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, একই ধরনের ফুটবলীয় অপরাধে মাঠের রেফারির ভিন্ন ভিন্ন আচরণ দেখা যাচ্ছে। ব্রুস ক্ষোভ প্রকাশ করে বলেন যে, মেসির ঘটনায় যা হয়েছে তার সঙ্গে তাঁর খেলোয়াড়ের ঘটনার তুলনা করলে তিনি কোনোভাবেই একমত হতে পারেন না, কারণ জোয়ানে শুধু প্রতিপক্ষকে টপকে যাওয়ার চেষ্টা করেও লাল কার্ডের পাশাপাশি তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছে। তবে একই সঙ্গে মেসির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি যোগ করেন যে, তিনি চান না মেসি লাল কার্ড পান, কারণ তাঁর মতো মানের খেলোয়াড়দের মাঠেই থাকা দরকার, কিন্তু প্রশ্ন হলো মেসির ঘটনার সঙ্গে জোয়ানের ঘটনার মূল পার্থক্যটি আসলে কোথায়।
এদিকে মাঠের এই সমস্ত বিতর্ক পেছনে ফেলে নিজেদের পরবর্তী ম্যাচের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ জে-তে তাদের পরের প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং অন্যদিকে আলজেরিয়া মাঠে মুখোমুখি হবে জর্ডানের।




































