পাসপোর্ট সেবায় নতুন উদ্যোগ

- সর্বশেষ আপডেট ০৮:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 297
দেশে পাসপোর্ট পেতে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পাসপোর্ট নিয়ে অভিযোগ বহুদিনের। অনেকেই সঠিকভাবে আবেদন প্রক্রিয়া জানেন না। এ অজ্ঞতার সুযোগ নিয়ে দালালচক্র ও অসাধু মধ্যস্বত্বভোগীরা সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ খরচ করাতে বাধ্য করছে, পাশাপাশি হয়রানির শিকারও হতে হচ্ছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট কার্যক্রমেও নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধিত সহায়তাকারী হিসেবে অনুমোদন দেওয়া হবে।
নিবন্ধিত এসব সহায়তাকারী আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন। নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে তারা সেবা দিতে পারবেন। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালালনির্ভরতা হ্রাস পাবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে এ উদ্যোগ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে এবং পাসপোর্ট সেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে।

































