পাকিস্তান-আফগানিস্তান পাঁচ দিনের যুদ্ধবিরতি

- সর্বশেষ আপডেট ০৯:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 148
ঈদুল ফিতরের আগেই পাকিস্তান ও আফগানিস্তান পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ে কাবুলে পাকিস্তানি বিমান হামলায় নিহতদের গণজানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
পবিত্র রমজান শেষে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রেক্ষিতে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই বিরতি কার্যকর হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ২৪ মার্চ পর্যন্ত বিমান হামলা বন্ধ থাকবে, তবে সীমান্তে কোনো আক্রমণ বা সন্ত্রাসী ঘটনা ঘটলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হতে পারে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কোনো হুমকির ক্ষেত্রে আফগানিস্তান সাহসিকতার সঙ্গে জবাব দেবে।
আফগান কর্মকর্তারা সোমবারের হামলায় ৪০৮ নিহত এবং ২৬৫ আহতের তথ্য দিয়েছেন, যদিও জাতিসংঘ মৃতের সংখ্যা ১৪৩ বলে জানিয়েছে। পাকিস্তান এই হামলা সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে দাবি করেছে।
ঘটনার কেন্দ্রবিন্দু ২ হাজার শয্যার ‘উমিদ’ হাসপাতাল, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে তিন সপ্তাহ ধরে চলা সংঘাতের সবচেয়ে ভয়ানক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার সময় অনেক রোগী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন বা প্রার্থনা করছিলেন।
বুধবার আফগান কর্তৃপক্ষ কিছু ভিকটিমের গণদাফন সম্পন্ন করেছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা কফিন বহন করেছেন, এবং শত শত আফগান নাগরিক শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
ফরেনসিক মেডিসিন ডিরেক্টরেটের প্রধান নাজিবুল্লাহ ফারুকি বলেছেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর কিছু লাশ হস্তান্তর করা হয়েছে, তবে অনেক মরদেহ এখনও তত্ত্বাবধানে রয়েছে।





































