পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ আটক যুবশক্তি নেতা
- সর্বশেষ আপডেট ০২:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 33
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভোট চলাকালে নমুনা ব্যালটসহ ভোটারদের প্রভাবিত করার দায়ে উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুকুমার দাস বাবু আরও দুই সহযোগীকে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তিনি কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের হাতে ওই নমুনা ব্যালট তুলে দিচ্ছিলেন এবং ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেয়ার জন্য প্ররোচিত করছিলেন।
বিষয়টি সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন। সুকুমার দাস বাবু নিজেকে ‘অভিযান নিউজ টিভি’ নামে একটি প্রতিষ্ঠানের সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়েছিলেন। দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান বলেন, দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত সময়ে জেলহাজতে প্রেরণ করা হবে।




































