নীলফামারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

- সর্বশেষ আপডেট ০৯:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 173
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি তুলার গুদাম এবং এক পুলিশ সদস্যের বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে ওই এলাকার একটি তুলার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টির ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গুদামজুড়ে ছড়িয়ে পড়ে এবং পাশের এক পুলিশ সদস্যের বসতবাড়িতেও আগুন লাগে। এতে গুদামে থাকা তুলা এবং বাড়ির আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মোকছুদার রহমান বলেন, “হঠাৎ করে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

































