নীলফামারীতে তেল কারচুপি, শিশুখাদ্যে জরিমানা

- সর্বশেষ আপডেট ০৯:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 139
নীলফামারীতে তেল কম দেওয়া ও অনুমোদনহীনভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন।
অভিযানকালে জেলা শহরের বাদিয়ার মোড় এলাকায় অবস্থিত মুক্তা ফিলিং স্টেশনে মাপের কারচুপির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেশিনে কারিগরি হেরফেরের মাধ্যমে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছিল। তদন্তে দেখা যায়, কেউ এক হাজার টাকার ডিজেল কিনলে গড়ে প্রায় ১২ টাকার সমপরিমাণ তেল কম পাচ্ছিলেন। প্রতিদিনের হিসাবে এতে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল বলে জানানো হয়।
একই অভিযানে অভিজাত গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, তারা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই ‘আইসললি’ নামে একটি শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল। প্রয়োজনীয় মাননিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা মিললে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান বলেন, ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাপে কারচুপি বা অনুমোদনহীন খাদ্য উৎপাদনের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



































