আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণের প্রবণতা ইতিবাচক বলেই উঠে এসেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে। জরিপে অংশ নেওয়া ভোটারদের ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে চান, যদিও একটি উল্লেখযোগ্য অংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
আরও পড়তে পারেন
‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এই জরিপটি সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ যৌথভাবে পরিচালনা করে। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন সিআরএফের স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভিজিটিং প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী।
জরিপের তথ্যমতে, ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও ৮ শতাংশ ভোটার এখনো অংশগ্রহণের বিষয়ে অনিশ্চিত। ভোটারদের ৩০ দশমিক ২ শতাংশ প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখছেন, আর ৩৩ দশমিক ২ শতাংশ দল ও প্রার্থী উভয়কেই গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ভোটের সিদ্ধান্তে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে উঠে এসেছে দুর্নীতির বিষয়টি। জরিপে অংশ নেওয়া ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির ইস্যুকে গুরুত্ব দেবেন। পাশাপাশি ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার ধর্মকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখছেন।
এ ছাড়া ভোটারদের সিদ্ধান্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক পছন্দের বিশ্লেষণে দেখা যায়, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের একটি বড় অংশ এখন মত বদল করেছেন। তাঁদের মধ্যে ৪৮ শতাংশ বিএনপিকে পছন্দ করছেন, ২৯ শতাংশ জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ এনসিপিকে এবং ১৩ শতাংশ অন্যান্য দলকে সমর্থন করছেন। এ ছাড়া ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি বলে জরিপে উঠে এসেছে।
জরিপের এই ফলাফল আসন্ন নির্বাচনে ভোটারদের উচ্চ অংশগ্রহণের সম্ভাবনার পাশাপাশি রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
































