নির্বাচনের তিন দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তর

- সর্বশেষ আপডেট ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 178
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর সর্বোচ্চ তিন দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর মতে, আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, নির্বাচন শেষে দ্রুততম সময়ের মধ্যে নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে। ফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং এরপরই ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, “সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। সে ক্ষেত্রে ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।”
একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, শুরু থেকেই সরকার স্পষ্ট করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে।




































