নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণ লুট
- সর্বশেষ আপডেট ১২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 44
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৭–৮ জনের একটি ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন মঞ্জিল মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মচারী বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতদলটি বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। এ সময় আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, লুট করা মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



































