নরসিংদীতে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
- সর্বশেষ আপডেট ০১:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 111
নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় জাহানারা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহতের গলার সোনার চেইন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেলে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ণনৈগাঁও গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজ পড়ছিলেন জাহানারা বেগম। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে পিঠ ও মাথায় আঘাত করে। পরে তার গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় জাহানারাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা করেন। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বর্ণনৈগাঁও গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদ মিয়ার ছেলে কাদির মিয়া (২৭) এবং আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)।
পুলিশ জানায়, হৃদয় মিয়াকে ৯ আগস্ট, কাদির মিয়াকে ৩০ জুলাই এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হৃদয় ও কাদিরের বিরুদ্ধে আগেও পৃথক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বলেন, আবু মিয়ার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, জাহানারা বেগমের গলার সোনার চেইন চুরির উদ্দেশ্যে প্রায় সাত-আট মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় বসে হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন বিদ্যুৎ না থাকার সুযোগে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তারা।
পরিকল্পনা অনুযায়ী, আসামিরা জাহানারা বেগমের বাড়িতে প্রবেশ করে। তিনি নামাজরত অবস্থায় থাকায় তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে বিদ্যুৎ চলে এলে তিনি হামলাকারীদের চিনে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে পিঠ ও মাথায় আঘাত করা হয়। পরে তার গলার সোনার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আসামিরা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































