নরসিংদীতে অনিয়মে সিলগালা হাসপাতাল-ল্যাব
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 109
স্বাস্থ্যসেবার নামে অনিয়ম ও লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন।
নরসিংদী পৌরসভা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ল্যাব ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।
অভিযানকালে আল ফালাহ পিপলস হাসপাতাল-এ হালনাগাদ লাইসেন্স না থাকা, প্যাথলজিক্যাল ল্যাব ও অপারেশন থিয়েটারে বিধিমোতাবেক পরিবেশ নিশ্চিত না করা, ডিপ্লোমাধারী নার্স নিয়োগ না রাখা এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি হাসপাতালটির প্যাথলজিক্যাল ল্যাব ও অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়।
একই অভিযানে সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার-এও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটির ল্যাব সিলগালা করা হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রচলিত আইন, লাইসেন্সিং বিধিমালা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এসব শর্ত লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, “স্বাস্থ্যসেবার নামে অনিয়ম, লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা কিংবা প্রয়োজনীয় জনবল ও মানসম্মত পরিবেশ ছাড়া রোগীদের চিকিৎসা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ব্যবসা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। জেলা প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”





























