নবীন প্রকৌশলীদের প্রতি সততা ও জবাবদিহির আহ্বান

- সর্বশেষ আপডেট ০৭:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 154
নবীন প্রকৌশলীদের উদ্দেশে সড়ক ও সেতুমন্ত্রীর বার্তা, রাষ্ট্রের অর্থ মানে জনগণের অর্থ—এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে সততা, উদ্ভাবন ও দায়িত্ববোধের মাধ্যমে।
আরও পড়তে পারেন
সচিবালয়ের সম্মেলনকক্ষে ৪৪তম বিসিএস সড়ক ও জনপথ ক্যাডারে যোগ দেওয়া ৩২ কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণের সমাপনী আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অনৈতিক চর্চা থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নির্মাণকাজে অপচয় রোধ এবং সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেওয়া এখন সময়ের দাবি। বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন এবং অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ, আর এ লক্ষ্য অর্জনে নবীন কর্মকর্তাদের সততা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবযোগদান করা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে তারা পূর্ণোদ্যমে কাজে যুক্ত হবেন। রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে দেশের প্রয়োজন মেটাতে—এই বোধ সবসময় ধারণ করতে হবে। রাষ্ট্রের স্বার্থে নিজেকে নিবেদিত রাখা সহজ নয়, পথে নানা বাধা আসবে, তবে তরুণ কর্মকর্তারা চাইলে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী মনে করিয়ে দেন, রাষ্ট্রের অর্থ মূলত জনগণের অর্থ। তাই প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে সরকারের প্রত্যাশা পূরণ করতে হবে। সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন প্রকৃত কর্মকর্তার পরিচয়—এ কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ সবাইকে মিলেই গড়ে তুলতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। একটি সড়ক বন্ধ থাকলে লাখো মানুষ দুর্ভোগে পড়ে—তাই সড়ক চলাচল নির্বিঘ্ন রাখা, নির্মাণ ব্যয় যুক্তিসংগত রাখা এবং নিরাপদ অবকাঠামো গড়ে তোলা অপরিহার্য।
তিনি নবীন ও প্রবীণদের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, নতুন কর্মকর্তারা তাদের মেধা ও দক্ষতা দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করবেন—এটাই সবার প্রত্যাশা। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে আরও সুনাম অর্জনের আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণার্থীদের পক্ষে সহকারী প্রকৌশলী নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম বলেন, এই ইনডাকশন কোর্স তাদের পেশাগত দক্ষতা, প্রশাসনিক জ্ঞান ও নৈতিক দায়িত্ববোধ জোরদার করতে সহায়ক হয়েছে। তারা রাষ্ট্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































