নতুন নয় বেসরকারিকরণেই পাটশিল্প পুনর্গঠনের পরিকল্পনা
- সর্বশেষ আপডেট ১০:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 121
দেশে নতুন কোনো সরকারি পাটকল স্থাপনের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বরং খাতটিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবস্থাপনা সম্প্রসারণই সরকারের মূল কৌশল বলে তিনি উল্লেখ করেন।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাট শিল্পকে পুনর্গঠনের অংশ হিসেবে সরকার নীতি সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। সরকারি উদ্যোগে নতুন মিল স্থাপনের কোনো পরিকল্পনা এখন নেই।
তিনি বলেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি মিলের মধ্যে বর্তমানে ৯টি বেসরকারি ব্যবস্থাপনায় চালু রয়েছে। বাকি মিলগুলোও ধাপে ধাপে ইজারা ও বেসরকারি ব্যবস্থাপনার আওতায় আনার কাজ চলছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ২০২০ সালের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিজেএমসির ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ করে পরবর্তীতে ২০টি মিল ইজারা ভিত্তিতে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। এ পর্যন্ত ১৪টি মিলের ইজারা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৯টি ইতোমধ্যে উৎপাদনে ফিরেছে।
অবশিষ্ট মিলগুলোর মধ্যে কয়েকটির চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, কিছু ক্ষেত্রে মূল্যায়ন চলছে এবং কিছু মিলের জন্য আগ্রহপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে।
পাটমন্ত্রী আরও বলেন, ইজারার বাইরে থাকা কয়েকটি মিল সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়া এবং কিছু আইনি জটিলতার কারণে আপাতত প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। তবে সামগ্রিকভাবে সরকার চাইছে খাতটিতে বেসরকারি অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করতে।


































