ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০২:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 7
নেত্রকোনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার।
এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয়ের আরও আটজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি জঙ্গল এলাকায় ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার সময় শিশুটির বাবা স্থানীয় বাজারে এবং মা বাড়ির বাইরে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়েছে, কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে রিপন মিয়া দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। সামাজিক লজ্জা ও ভয়ের কারণে পরিবারটি প্রথমদিকে বিষয়টি প্রকাশ করেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মামলার অভিযোগের তদন্তও অব্যাহত আছে।






























