দেবিদ্বারে যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি নিহত
- সর্বশেষ আপডেট ০১:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 12
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের হামলায় এক যুবকের মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অভিযুক্ত যুবক ইমনের (২৪) মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় আহত হয়েছেন ইমনের ভাবি রাবেয়া বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।





























