দুবাইয়ে ড্রোন হামলা, পাকিস্তানি নিহত

- সর্বশেষ আপডেট ১১:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 153
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা আটকে দিলেও ভূপাতিত হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, দুবাইয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন হামলা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে এক বাসিন্দা নিহত হয়েছেন বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পশ্চিমাংশে অবস্থিত আল বারশা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই পাকিস্তানি নাগরিক পেশায় গাড়ি চালক ছিলেন।
দুবাই মিডিয়া অফিসের এক মুখপাত্র বলেন, ‘আকাশে হামলা প্রতিহত করার সময় ভূপাতিত ধ্বংসাবশেষ আল বারশা এলাকায় একটি গাড়ির ওপর পড়ে। এতে এক পাকিস্তানি গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।’
এই ঘটনা ইরানের একটি ড্রোন থেকে ছিটকে আসা ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত ২৩ মেরিনা টাওয়ারের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনও স্পষ্ট নয়।
দুবাইয়ের ঘটনাগুলোর আগে শনিবার এক দিনেই সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১৯টি মানববিহীন আকাশযান বা ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।


































