দুপুরে নবনির্বাচিত দুই এমপির শপথ

- সর্বশেষ আপডেট ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 149
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। এই দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১২ এপ্রিল) দুপুরে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন- শেরপুর-৩ আসনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।
জাতীয় সংসদ সচিবালয় জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে, গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো।


































