দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে কাটায় শিশুরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা
- সর্বশেষ আপডেট ০৮:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 212
ঢাকার স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৫ ঘণ্টা কাটাচ্ছে মোবাইল, টিভি ও অন্যান্য ডিজিটাল স্ক্রিনে। আইসিডিডিআর,বি’র এক গবেষণায় উঠে এসেছে—অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের ঘুম কমছে, বাড়ছে স্থূলতা, মাথাব্যথা ও মানসিক স্বাস্থ্যঝুঁকি।
ঢাকার শিশুদের অতিরিক্ত স্ক্রিন নির্ভরতা নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে আইসিডিডিআর,বি। সংস্থাটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় কাটায় মোবাইল ফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসের স্ক্রিনে।
২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল জার্নাল অব মেডিকেল ইন্টারনেট রিসার্চ (জেএমআইআর) হিউম্যান ফ্যাক্টরস-এ।
গবেষণায় দেখা গেছে, প্রতি ৫ জন শিশুর মধ্যে প্রায় ৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমার অনেক ওপরে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের ঘুমের সময় কমে গড়ে দাঁড়িয়েছে মাত্র ৭ ঘণ্টা ১৮ মিনিট। অথচ সুস্থ বিকাশের জন্য শিশুদের ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
শুধু ঘুম নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও পড়ছে এর প্রভাব। গবেষণায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশ শিশু চোখের সমস্যার কথা জানিয়েছে। প্রায় ৮০ শতাংশ শিশু নিয়মিত মাথাব্যথায় ভুগছে। এছাড়া ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতার ঝুঁকিতে রয়েছে।
মানসিক স্বাস্থ্য পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। প্রতি ৫ জন শিশুর মধ্যে প্রায় ২ জন দুশ্চিন্তা, অতিচঞ্চলতা কিংবা আচরণগত সমস্যার মতো জটিলতায় আক্রান্ত বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষণার প্রধান গবেষক ডা. শাহরিয়া হাফিজ কাকন বলেন, শিশুদের দেরিতে ঘুমানো, খিটখিটে আচরণ, মনোযোগ কমে যাওয়া কিংবা বাইরের খেলাধুলায় অনীহাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এগুলো অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের লক্ষণ হতে পারে।
তাহমিদ আহমেদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী শিশুদের বিনোদনমূলক স্ক্রিন টাইম দিনে দুই ঘণ্টার মধ্যে সীমিত রাখা প্রয়োজন। পাশাপাশি পরিবার ও স্কুলে স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
গবেষকরা শিশুদের জন্য ‘২০-২০-২০’ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ প্রতি ২০ মিনিট স্ক্রিন ব্যবহারের পর অন্তত ২০ সেকেন্ড ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে হবে।

































