ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়ের পরামর্শ সরকারের

- সর্বশেষ আপডেট ০৯:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 84
ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহজ ও সাশ্রয়ী করতে বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইনবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো রোগীর পরীক্ষার ব্যয় ১০ হাজার টাকা হলে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা সংরক্ষণেরও আহ্বান জানানো হয়েছে।
তবে হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল রোগীদের চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কিছু রোগী শনাক্ত হলেও সরকার সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সব বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত ভার্চ্যুয়াল বৈঠক চলছে। উপজেলা পর্যায়েও সমন্বয় সভা ও চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষাগারে এর কার্যকারিতা নিশ্চিত হয়েছে। তবে মাঠপর্যায়ে স্প্রে কার্যক্রমে অনিয়মের অভিযোগ থাকায় তদারকি আরও বাড়ানো হবে।

































