ডেঙ্গুতে একজনের মৃত্যু, এক দিনে শনাক্ত ১৩৯ রোগী

- সর্বশেষ আপডেট ০৭:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 206
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। একই সময়ে ১৩৯ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৬ জন, এছাড়া ঢাকা বিভাগে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন । এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট চার হাজার ৬৯২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ জুন পর্যন্ত দেশে শনাক্ত হওয়া পাঁচ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।



































