ডিমলায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
- সর্বশেষ আপডেট ০৭:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 8
নীলফামারীর ডিমলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরবী আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের সর্দারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরবী আক্তার ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে। সে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরবী আক্তার নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে প্রাইভেট পড়তে ডিমলা মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিল। পথে সর্দারের হাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরবীর প্রতিবেশী আব্দুল আলীম জানান, “রংপুরে পৌঁছানোর আগেই আরবী মারা যায়। সে অত্যন্ত ভদ্র, মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে ছিল। তার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।”
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবারে নেমে আসে আহাজারি। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সচেতন মহল সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় গতি কমানো এবং ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।




































