ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন
- সর্বশেষ আপডেট ১২:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 16
দেশের বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অনলাইনভিত্তিক এই ব্যবস্থা চালু হলে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা প্রতিরোধ করা সহজ হবে।
শনিবার সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে অনলাইনে সংরক্ষিত বিবাহ নিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে এসব তথ্য সংযুক্ত হলে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য যাচাই করা সহজ হবে। এতে গোপনে একাধিক বিয়ে ও বাল্যবিবাহের মতো অনিয়ম ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এ সময় ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে লটারির মাধ্যমে পদায়ন শুরু করার কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
































