টেকনাফে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর

- সর্বশেষ আপডেট ০৬:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 156
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার সকাল ১১টায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাটস্থল পুরান বাজারের বরফকলে এ ঘটনা ঘটে। মারধরে ঘটনায় শাহপরীর দ্বীপের ক্ষুদ্র বরফ ব্যবসায়ী মো. রফিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বরফ ব্যবসায়ী মো. রফিক অভিযোগ করে বলেন, ‘কিছু দিন ধরে শাহপরীর দ্বীপের বাসিন্দা চাঁদাবাজ জিয়াবুল হক শাহপরীর দ্বীপ জেটির ঘাট ইজাদার দাবি করে আমার কাছে চাঁদা দাবি করে আসছে। এরই সূত্রে ধরে রোববার সকালে দ্বীপ জেটি ঘাটস্থল বরফকলে এসে আমার কাছে এক মাসের ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করে।
দাবি করা চাঁদা দিতে অস্বীকার করলে, আমাকে ব্যাপক মারধর করে। এসময় তাদের দলের মো.ইউনুছ বাইলাও ছিল।’
তিনি বলেন, ‘এভাবে শাহপরীর দ্বীপের অনেক মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে তারা। এর আগে এই চক্রটি ইজারার নাম ভাঙিয়ে জেটি ঘাটসহ আশপাশের এলাকা থেকে মানুষের কাছ থেকে চাঁদা তুলে বিপুল টাকা লুটপাট করেছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে চাঁদা বন্ধ করে, জেলা পরিষদ থেকে তিনজন খাস আদায়কারী নিয়োগ দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতে চক্রটি তাদের সাথে মিলে আবার চাঁদা উত্তোলনের চেষ্টা চালাচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং দোষীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়ে চাঁদা বন্ধের সরকারের সহযোগিতা কামনা করছি।’
অভিযুক্ত জিয়াবুল হক বলেন, ‘আমি কোন খাস আদায়কারী নই, ফলে ইজারার কথা বলে টাকা ‘চাঁদা’ দাবি করার প্রশ্নও আসেনা। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মূলত সে আমাকে রাজনৈতিক ইস্যু নিয়ে গালাগালি করছিল। সে সম্পর্কে আমার ভাগিনা, সে সূত্র ধরে তাকে ভাগিনা হওয়ার সুবাদে আদার করে দুই-টা চর-থাপ্পর দিয়েছি।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘শাহপরীর দ্বীপে ‘চাঁদা’ না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরে বিষয়টি শুনেছি। এ ঘটনাটি খতিয়ে দেখছি।’
এদিকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে জেটির চলতি বছর ইজারা না হওয়ায় শাহপরীর দ্বীপ জেটি ঘাটটি খাস আদায়ের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। এই সুযোগে জেলা পরিষদ কার্যালয়ের পিয়ন মোহাম্মদ শাহ আলমকে ইজারাদার সাজিয়ে একটি চক্র টোল আদায় শুরু করেছিল।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘ইজারা না নিয়েও টোল আদায় প্রভাশালীরা’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসনে নজরে আসলে ওই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন করে জেলা পরিষদ তিনজন কর্মী নিয়োগ দেয় খাস আদায়ে। কিন্তু কিছুদিন পার হওয়ার পর আবারও জেলা পরিষদের নিয়োগকৃতদের সাথে মিলে দ্বীপ জুড়ে ‘চাঁদা’ আদায়ের চেষ্টা চালাচ্ছে চক্রটি। তারই সুত্রে ধরেই আজকে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে।
শাহপরীর দ্বীপ জেটি ঘাটের চত্তুর দিকে (চার দিকে) ১ কিলোমিটারের মধ্য খাস আদায়ের নিয়ম থাকলেও সেটি অমান্য করে দ্বীপজুড়ে মানুষের কাছ থেকে টোল আদায়ের নামে হয়রানির শিকার হচ্ছে সাধারন মানুষ।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফকে একাধিকবার ফোনে কল করে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা খুব দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।’
চাঁদার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দিন বলেন, কোন চাঁদাবাজদের আমরা ছাড় দিচ্ছি না, এ ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।’


































