টানা পঞ্চমবার বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০৪:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 186
বিশ্বের তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। একই সময়ে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের রপ্তানি বাংলাদেশের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার কম। তবে প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে ভিয়েতনাম। যেখানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্ব পোশাক বাজারে চীনের অংশীদারিত্ব এখনও অনেক বড়। অন্য দেশগুলো সেই পরিমাণে এগোতে না পারায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় স্থানের ব্যবধান এখনও অনেক বেশি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের পোশাক শিল্পে ব্যবহৃত কাঁচামালের বড় একটি অংশ এখনো চীন থেকেই আসে। ফলে উৎপাদন ব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা রয়ে গেছে।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়াও নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। তাই শুধু দ্বিতীয় অবস্থান ধরে রাখাই নয়, প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে হবে।
তার মতে, এ লক্ষ্য অর্জনে শিল্পে অটোমেশন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।
ডব্লিউটিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশের পর তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম অবস্থানে রয়েছে তুরস্ক।































