জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৯ টাকা
- সর্বশেষ আপডেট ০৮:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 22
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে, জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার করা হয়েছে।
এর আগে জুন মাসে অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল।
চলতি বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম বড় পরিমাণে বাড়ানো হয়েছিল। এরপর এপ্রিল মাসেও দাম বৃদ্ধি পায়। পরে মে, জুন ও জুলাই মাসে ধাপে ধাপে দাম কমানোর সিদ্ধান্ত নেয় বিইআরসি।






































