শাহজালালে জরুরি অবতরণ
উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের চাকা বিচ্ছিন্ন
- সর্বশেষ আপডেট ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 18
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-একেই। উড্ডয়নের পর একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজের জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।



































