জুলাই স্মৃতি জাদুঘরে প্রধানমন্ত্রীর পরিদর্শন
- সর্বশেষ আপডেট ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 40
রাজধানীর শেরেবাংলা নগরে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সামরিক-বেসামরিক প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের নানা পর্যায় তুলে ধরা আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক এবং আন্দোলনের ঘটনাপ্রবাহভিত্তিক প্রদর্শনীগুলো ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা তাঁকে জাদুঘরের বিভিন্ন গ্যালারির বিষয়বস্তু ও সংরক্ষিত নিদর্শন সম্পর্কে অবহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে এই স্মৃতি জাদুঘর। উদ্বোধনের দিনটি শহীদ পরিবারের সদস্য ও বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত থাকলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।





























