জাল নোট প্রতিরোধে দীঘিনালায় সচেতনতামূলক কর্মশালা
- সর্বশেষ আপডেট ০৭:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 20
খাগড়াছড়ির দীঘিনালায় জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। সোনালী ব্যাংক পিএলসির রাঙ্গামাটি অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক রাকেশ দত্ত, সহকারী (ক্যাশ) পরিচালক মো. আরমান উল্লাহ চৌধুরী এবং দীঘিনালা শাখার ব্যবস্থাপক রূপায়ন চাকমা।
কর্মশালায় ব্যাংক কর্মকর্তারা বলেন, জাল নোট শনাক্ত করার আগে আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানা জরুরি। আসল নোট চেনার উপায় জানা থাকলে জাল নোট শনাক্ত করা সহজ হয়। জাল নোট রাখা ও তা দিয়ে লেনদেন করা দণ্ডনীয় অপরাধ বলেও জানান তারা।
এ সময় বেতন, বোনাস, ভাতা, ব্যবসায়িক লেনদেনসহ দৈনন্দিন বিভিন্ন খরচ কিউআর কোড ও অ্যাপের মাধ্যমে ক্যাশলেস পদ্ধতিতে করা যায় বলে জানানো হয়। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেন আরও নিরাপদ করা সম্ভব বলে কর্মশালায় উল্লেখ করা হয়।




























