চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ৪০ মিটার ধস

- সর্বশেষ আপডেট ০২:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 143
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ধসে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে এ ধস দেখা দেয়। এতে ঝুঁকিতে পড়েছে আশপাশের আবাদি জমি ও বসতবাড়ি।
শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। তারা দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বাঁধটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও বিভিন্ন অংশে ভাঙন দেখা দিলে জিওব্যাগ ফেলে তা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে ফের ভাঙন শুরু হয়েছে।
তাদের অভিযোগ, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় বারবার ভাঙনের ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন আরও বিস্তৃত হয়ে আবাদি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
কুড়িগ্রাম-৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এমপির সঙ্গে আলোচনা করে ভাঙন রোধে জিওব্যাগ বরাদ্দের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্রের কাঁচকোল এলাকায় প্রায় ৪ দশমিক ১ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে একটি ডিপিপি জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের ভাঙন সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।































