চার্চ থেকে চুরি হওয়া ৬০ কেজির ঘণ্টা উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 50
রাজধানীর আসাদগেট এলাকার সেন্ট খ্রিস্টিনা চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৬০ কেজি ওজনের একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে চার্চ থেকে ঘণ্টাটি চুরি হয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করে চার্চ কর্তৃপক্ষ।
চার্চ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে ফাদার চার্চের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ছাদে গিয়ে দেখা যায়, সেখানে ঝুলিয়ে রাখা ঘণ্টাটি নেই।
চার্চের ফাদার জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা অকার্যকর থাকায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ঘণ্টা চুরির এক দিন আগেও চার্চের বাথরুম থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল। পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চার্চ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ঘণ্টাটির আনুমানিক মূল্য চার লাখ টাকা। প্রায় তিন বছর আগে এটি চার্চে স্থাপন করা হয়। প্রতিদিন উপাসনা শুরুর আগে ঘণ্টাটি বাজানো হতো।





























