চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জামায়াত আমিরের

- সর্বশেষ আপডেট ০৯:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 294
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক গাড়িচালককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নিরীহ মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতি এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যে, চাঁদা না দেওয়াকেই যেন অপরাধ হিসেবে দেখা হচ্ছে। নেতৃত্বের পর্যায় থেকে যখন চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হয়, তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
নিরীহ মানুষের জীবন এভাবে ঝরে পড়তে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি শক্ত আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি।
সবশেষে, দেশকে ভালোবাসেন—এমন সব মানুষের প্রতি সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।
































