ইউপি নির্বাচনের বিরোধ
চরফ্যাশনে স্কুলছাত্রী অপহরণ মামলায় মাইনুল গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৮:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 136
চরফ্যাশনের শশীভূষণ থানায় স্কুলছাত্রী সুমাইয়া নাদিয়াকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় মাইনুল হাজারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মাইনুলের পরিবারের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে তাকে মামলায় জড়ানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশে বের হয় নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া নাদিয়া। পথে উত্তর আইচা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে পৌঁছালে মাইনুল হাজারি ও তার সহযোগীরা একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তার পথরোধ করে। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর সুমাইয়ার চাচা, শশীভূষণ ইউনিয়ন বিএনপির সভাপতি, বাদী হয়ে শশীভূষণ থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি মাইনুল হাজারিকে গ্রেপ্তার করে।
তবে মাইনুলের পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, মাইনুল ঘটনার সঙ্গে জড়িত নন। রসুলপুর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক গ্রুপিং ও বিরোধের কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ বলেন, স্কুলছাত্রীকে অপহরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি মাইনুল হাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীকে উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ওসি আরও বলেন, ঘটনার পেছনে কোনো পারিবারিক বা রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার মাইনুলকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।



































