চরফ্যাশনে এনসিপির পদ নিয়ে শোকজ প্রাণিসম্পদ কর্মকর্তাকে
- সর্বশেষ আপডেট ০৪:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 12
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের উপজেলা কমিটিতে সাংগঠনিক পদ নেওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী স্বাক্ষরিত নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাঁকে। গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, গত ৫ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের যৌথ স্বাক্ষরে চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। ছয় মাসের জন্য অনুমোদিত সাত সদস্যের ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্ল্যাহ জগলুর নাম রয়েছে।
সরকারি চাকরিতে থাকা অবস্থায় রাজনৈতিক দলের কমিটিতে পদ গ্রহণের বিষয়টি সামনে আসায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শোকজের জবাবে সফিউল্ল্যাহ জগলু কী ব্যাখ্যা দেন, তা এখন দেখার বিষয়। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।






























