চট্টগ্রাম বন্দর ঘিরে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

- সর্বশেষ আপডেট ০৪:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 215
চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বন্দরকেন্দ্রিক উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রামের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়ন জরুরি। এজন্য বড় পরিসরের দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করবে সরকার।
তিনি আরও বলেন, বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়বে এবং চট্টগ্রাম সত্যিকার অর্থে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপ নেবে। কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে এ বিষয়ে সমন্বিত পরিকল্পনার কথা জানান তিনি।
অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি পারিবারিক কবর জিয়ারত ও জুমার নামাজ আদায় করেন এবং পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বন্দরসংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
নিজ জেলায় প্রথম সফর প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি চট্টগ্রামের অগ্রগতিতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।


































