চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৩:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 184
চট্টগ্রামের আনোয়ারায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার হাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য মতে, সোমবার রাতে উপজেলার রায়পুর এলাকার আবু তাহেরের (৪২) মুদি দোকানের সামনে দিয়ে বোনের বাসায় যাচ্ছিলেন ওই কিশোরী। এ সময় তাকে জোর করে দোকানের ভেতর নিয়ে যায় ওই দোকানী। সেখানে প্রথমবার ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী কিশোরী। পরে দোকান থেকে বের করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে এই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। শুক্রবার (১ মে) রাতে আনোয়ারা থানায় মামলাটি গ্রহণ করা হয়।
মামলার আসামিরা হলেন- রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন রাত আনুমানিক ১০টা থেকে ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, কিশোরীর মা মামলা দায়েরের উদ্যোগ নিলে বিভিন্ন মহল থেকে বাধার সম্মুখীন হন। তবে সব বাধা পেরিয়ে শুক্রবার (১ মে) রাতে থানায় মামলাটি গ্রহণ করা হয়। পরের দিন (শনিবার) ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে বা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ফরেনসিক পরীক্ষা করা হয়। বর্তমানে এই কিশোরী নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক আছে। তাদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযুক্তদের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
































