কর্মদিবসের শুরুতেই ধীরগতির নগরী, সড়কে বাড়তি চাপ

- সর্বশেষ আপডেট ০৩:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 102
সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকেই যানবাহনের চাপ বাড়ায় ধীরগতিতে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
রোববার (১২ এপ্রিল) সকালে শহরের প্রধান সড়কগুলোর পাশে থাকা ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। এদিকে স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় সড়কে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সকাল ১০টার দিকে বিমানবন্দর সড়কের রেডিসন ব্লু সংলগ্ন এলাকায় যান চলাচল ছিল বেশ ধীর। নর্দা, শাহজাদপুর ও নতুন বাজার এলাকায় সিগন্যালজটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়েছে চালকদের।
তীব্র গরমের মধ্যেও রাস্তায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ বাড়তে দেখা গেছে। কোথাও কোথাও বাস এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় যানজট আরও জটিল আকার নিয়েছে।
বাড্ডা লিংক রোড ও উত্তর বাড্ডা এলাকায় অবস্থিত দুটি পেট্রোল পাম্পের সামনে সড়কের একাংশ দখল করে রেখেছিল মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ায় মাঝেমধ্যে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
উত্তর বাড্ডার বাসিন্দা এক চাকরিজীবী জানান, গত এক মাস ধরে এ রুটে যানজট বেড়েছে। তেলের লাইনের পাশাপাশি ওয়াসার কাজের জন্য সড়ক খোঁড়াখুঁড়িও পরিস্থিতি আরও খারাপ করেছে। অল্প দূরত্ব পাড়ি দিতেই কয়েক ঘণ্টা সময় লাগছে বলে অভিযোগ করেন তিনি।
তবে বাড্ডা থেকে রামপুরা, মালিবাগ হয়ে কাকরাইল পর্যন্ত কিছু সড়কে যান চলাচল স্বাভাবিকের কাছাকাছি ছিল, যদিও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো।
দুপুরের দিকে মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, মালিবাগ ও মগবাজার এলাকায় আবারও তীব্র যানজট তৈরি হয়। বাংলামোটর, শাহবাগ, সেগুনবাগিচা, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায়ও দীর্ঘ সময় ধরে যানবাহনে আটকে থাকতে দেখা যায় যাত্রীদের।
































