এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটি গঠনে নতুন নিয়ম

- সর্বশেষ আপডেট ০৩:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 316
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে কেন্দ্র কমিটি গঠনে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। জেলা প্রশাসককে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের কমিটি করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাগজপত্র জমা দিতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আলাদা ‘কেন্দ্র কমিটি’ গঠন বাধ্যতামূলক। কমিটি গঠন শেষে প্রয়োজনীয় নথি ৫ এপ্রিলের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
কমিটির গঠন কাঠামোও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জেলা সদরের কেন্দ্রের ক্ষেত্রে জেলা প্রশাসক চেয়ারম্যান থাকবেন, আর উপজেলা পর্যায়ে এই দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ইউএনও। সদস্য হিসেবে থাকবেন জেলা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রয়োজনে মহানগরে থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
এছাড়া একটি সরকারি ও একটি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হবেন। সরকারি বিদ্যালয় না থাকলে বেসরকারি থেকে দুজন রাখা যাবে। কেন্দ্রসচিব থাকবেন সদস্য সচিব হিসেবে।
কেন্দ্রসচিব নির্বাচনেও শর্ত রাখা হয়েছে। সাধারণত কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধানই এই দায়িত্ব পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে চেয়ারম্যানের অনুমোদনে অন্য অভিজ্ঞ প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে নিজের সন্তান পরীক্ষার্থী হলে কেউ কেন্দ্রসচিব হতে পারবেন না—এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন কমিটির চেয়ারম্যান। তিনি দায়িত্ব পালন করতে না পারলে অন্য কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিতে পারবেন, তবে পদমর্যাদার ভারসাম্য রাখার নির্দেশও দেওয়া হয়েছে।


































