এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 32
আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতির নির্দেশনাও দেওয়া হয়েছিল।
তবে ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। যদিও জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশে শিক্ষা বোর্ডগুলো প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী।






































