এনসিপি এমপি’র হুমকি মূলত কি নিয়ে?

- সর্বশেষ আপডেট ০৫:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 141
কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামো পরিবর্তন ও শাসনব্যবস্থার সংস্কারে ব্যর্থ হলে আগের মতো নতুন একটি গণ-অভ্যুত্থান কখনো না কখনো ঘটতে পারে।
তিনি সতর্ক করেছেন, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন নয়, সমগ্র রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করা না হলে জাতীয় অগ্রগতি বিপন্ন হবে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অনুষ্ঠিত নাগরিক সংলাপে হাসনাত বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের জন্য হয়েছিল। যদি আগের সিস্টেম অক্ষুণ্ন রাখা হয়, যে কেউ পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে ক্ষমতার নামে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হলে জাতি আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে। “মানুষ এমন রাষ্ট্র চেয়েছিল যেখানে কাউকে বাসা থেকে তুলে নিয়ে অপহরণ করা হবে না। ন্যায়বিচার ও স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে।”
হাসনাত জানান, মানবাধিকার কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হলে ২০০৯ সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে। “এর ফলে পুলিশের নিয়ন্ত্রণে তদন্ত হবে, যা ন্যায়বিচারের জন্য হুমকিস্বরূপ।”
সংলাপে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান।































