উপহারের নৌকা নিয়ে ‘বিপাকে’ উপদেষ্টা ফাওজুল কবির!
- সর্বশেষ আপডেট ০৫:০২:১১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 117
আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির কাছ থেকে নৌকা উপহার পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। একইসঙ্গে এ উপহার নিয়ে কী করবেন, তা জানতে চেয়েছেন।
আলজেরিয়ার জাতীয় দিবসে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জানিয়ে পোস্টে তিনি লিখেন, অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই।
পরামর্শ চেয়ে উপদেষ্টা লিখেন, ‘এখন আমি এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি।’
































