ঈদে নিরাপত্তা হুমকি নেই: র্যাব ডিজি

- সর্বশেষ আপডেট ০৭:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 245
পবিত্র ঈদুল আজহা ঘিরে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং র্যাব সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতিতে কাজ করছেন।
মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি জানান, ঈদকে সামনে রেখে রাজধানী ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে। বড় বড় ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
তিনি বলেন, ঈদের সময় শহরে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়তে পারে। এ কারণে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাতের টহল ও নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।
র্যাবের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কালোবাজারি, অবৈধ মজুত, খাদ্যে ভেজাল কিংবা নকল পণ্য তৈরি করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। পাশাপাশি অনলাইন মনিটরিং কার্যক্রমও চলবে সার্বক্ষণিকভাবে।
তিনি আরও বলেন, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাবের টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
































