ইসলামাবাদে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত ৩১

- সর্বশেষ আপডেট ০৭:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 148
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারালাই এলাকার একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালীন শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং আরও বহু আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও উদ্ধারকারী দল এক হাজারেরও বেশি সদস্য নিয়ে ঘটনাস্থলে কাজ করছে। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানিয়েছেন, বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত নয়। এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বিস্ফোরক, তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে।
রাজধানীর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস), পলিক্লিনিক ও সিডিএ হাসপাতাল আহতদের সেবায় প্রস্তুত।
গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদে একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছিল। মাত্র তিন মাস পার হতে না হতেই আবারও এই ভয়াবহ বিস্ফোরণ রাজধানীতে আতঙ্ক সৃষ্টি করেছে।





































